পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদ উল্লাহকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে ওই তরুণের ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, ওই তরুণের বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। তাকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাহমুদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

