বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্যান্য পাটকলও চালু করা বা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে নতুন বিনিয়োগ আসবে, রফতানি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও জানান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

