চুয়াডাঙ্গায় চার কেজি রূপাসহ নারী আটক

0
চুয়াডাঙ্গায় চার কেজি রূপাসহ নারী আটক

চুয়াডাঙ্গায় ৪ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস ভারতীয় রূপাসহ রিজিকা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা শহরের রেলস্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া রূপার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

আটক রিজিকা বেগম দর্শনা হল্টচাদপুর গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী।

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঢাকা থেকে ট্রেনে আসা রিজিকা বেগমের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় রূপা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here