চুক্তির মেয়াদ বাড়াতে আবেদন গৌতম গম্ভীরের

0
চুক্তির মেয়াদ বাড়াতে আবেদন গৌতম গম্ভীরের

২০২৪ সালে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। দায়িত্বে নেওয়ার এক বছরের মধ্যে তার নেতৃত্বে ২০২৫ সালে চ্যাম্পিয়ান্স ট্রফি জিতে নেয় ভারত।

সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে সূর্যকুমার যাদবরা। ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে সাবেক এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মতো দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করেছেন। তার নেতৃত্বে কেকেআর ২০২৪ শিরোপা জিতে।

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে যে, গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হিসেবে তার চুক্তির মেয়াদ বাড়াতে চান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তার মেয়াদে শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তিনি এখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধ করছেন।

এই অনুরোধ থেকে বোঝা যায় যে, গৌতম গম্ভীর দীর্ঘমেয়াদী চিন্তা করছেন এবং ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর জন্য একটি শক্তিশালী দল গড়তে চান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে গম্ভীরের পছন্দ।

জানা গেছে, তিনি এখনও ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে সমর্থন করেন। যদিও বিশ্বকাপের পর আইপিএলে তিনি রান পাচ্ছে না।

তবে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের অলিম্পিকের সময় সূর্যকুমারের বয়স হবে প্রায় ৩৮ বছর। এতে প্রশ্ন ওঠে যে, তিনি সেই পর্যায়েও ফিট এবং কার্যকর থাকবেন কি না। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত গ্রহণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তবে টেস্ট ক্রিকেটে বাজে সময় পার করছে ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর গম্ভীরকে সমালোচনার মধ্যে পড়তে হয়। এর মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র খেলোয়াড়দের জোর করে বাদ দেওয়ার বিষয়টি উঠে আসে।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। তারা ৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৪টিতে জয়, ৪টিতে হার এবং ১টিতে ড্র করেছে, এবং তাদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে অবস্থান করছে। 

এমন পরিস্থিতিতে আগামী ওয়ানডে বিশ্বকাপসহ সার্বিক দল গঠনে গৌতম গম্ভীরের অনুরোধের পর সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ শুরু করেছে বিসিসিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here