চার বিভাগে বাড়তে পারে বৃষ্টিপাত

0
চার বিভাগে বাড়তে পারে বৃষ্টিপাত

দেশের উত্তরাঞ্চলসহ চারটি বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আগামী তিন থেকে চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া রবিবার (৩ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টিপাত বেড়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত কয়েক দিন অব্যাহত থাকতে পারে।’

এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। রবিবার দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here