চাটমোহরে ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারিদের প্রশিক্ষণ

0
চাটমোহরে ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারিদের প্রশিক্ষণ

পাবনার চাটমোহরে নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাদুনগর ব্র্যাক চিলিং সেন্টারে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

​প্রশিক্ষণে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। এতে আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ‘মিল্ক নেট’ (দুধ ছাঁকনি) বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার। এসময় তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের দুগ্ধ শিল্পকে আরও টেকসই করতে সহায়ক ভূমিকা রাখবে।

​শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আসলাম হোসেন। এছাড়া ব্র্যাক ডেইরির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

​বক্তারা জানান, স্বল্প পুঁজিতে গাভি পালন করে নারীরা যেন আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, সেই লক্ষ্যেই ব্র্যাক ডেইরি নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here