চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ

0
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রলপাম্পে তেল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল শওকত হোসেন নাচোল থানায় কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে পাম্পে যান কনস্টেবল শওকত হোসেন। সেখানে পাম্প কর্মীদের কাছে নির্ধারিত স্লিপ জমা দিয়ে তিনি অপেক্ষা করছিলেন। এ সময় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রায়হান তাকে চলে যেতে বলেন। পরিচয় দিয়ে ইঞ্জিন অয়েল দেওয়ার অনুরোধ করলে এক পর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে শওকত হোসেনকে থাপ্পড় মারেন এবং পরে লাঠি দিয়েও মারধর করেন বলে অভিযোগ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আহত কনস্টেবলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। তবে অভিযুক্ত সেখানে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতারাও সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here