চাঁপাইনবাবগঞ্জে তিন ঘণ্টার ব্যবধানে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। পরে তাঁদের পাশাপাশি দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে কাজিপাড়া গোরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপাড়া গ্রামের মৃত রূপলালের ছেলে কালু শেখ (৫৫) বুধবার রাত ৮টার দিকে মারা যান। তিনি কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর শুনে তার মা ময়না বেগম (৭২) শোকে ভেঙে পড়েন। রাত ১১টার দিকে তিনিও মারা যান। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ঘণ্টার ব্যবধানে মা–ছেলের মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে তাঁদের দাফন সম্পন্ন করা হয়েছে।

