চাঁদপুরে খাদ্য দ্রব্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিপালন না করায় ৪টি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজার, সাহার বাজার ও পাটোয়ারী বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার দ্রব্য তৈরি ও বাজারজাত করার অপরাধে আফিফা বেকারিকে ১০ হাজার টাকা, একই অপরাধে তপাদার বেকারিকে ৫ হাজার টাকা, মালয়েশিয়া বেকারিকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিপালন না করায় ন্যাশনাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা সহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

