চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকালে শহরের প্রেসক্লাব ঘাট এলাকায় ডাকাতিয়া নদীর তীরে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন মোশাররফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেলা কোয়াব সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।
সম্প্রতি প্রেসক্লাব ঘাট এলাকাকে কেন্দ্র করে কিশোর গ্যাং ও মাদকসেবীদের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তরুণদের খেলাধুলামুখী করতে এবং সামাজিক সচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্বোধনী ম্যাচে রাইজিং স্টার টেকনিক্যাল ৪-৩ গোলে কিং কোড়ালিয়াকে হারায়। দ্বিতীয় ম্যাচে চাঁদপুর ডায়মনাইটিস ক্লাব ২-০ গোলে গুয়াখোলা ক্রীড়াচক্রকে পরাজিত করে।
আয়োজকরা জানান, প্রতিটি ম্যাচ ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে এপি থান্ডার ফুটবল ক্লাব, স্টেডিয়াম একাদশ, ব্রাদার্স স্কোয়াড, চাঁদপুর ডায়মনাইটিস ক্লাব, নি বেকার্স, নিতাইগঞ্জ ফুটবল একাদশ, কিক টাইটেন্স এফসি, রাইজিং স্টার টেকনিক্যাল, হরিজন যুব ক্লাব, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে হরিজন ঐকতান ক্লাব, প্রেসক্লাব দল, চাঁদপুর সরকারি কলেজ ফুটবল দল, গুয়াখোলা ক্রীড়াচক্র ও কিং কোড়ালিয়া।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি ইমরান হোসেন রানা।

