বাগেরহাটের রামপাল উপজেলায় দুই হাজার শীতার্ত, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র।
মঙ্গলবার বিকেলে রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি শীতার্ত নারী-পুরুষের হাতে একটি করে উন্নতমানের কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইএফপিসিএলের প্রকল্প পরিচালক রামানাথ পূজারী, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, চিফ ফাইন্যান্স অফিসার ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি. এম. তরিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে গোলাপি ব্যালটে হ্যাঁ-না ভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে সাদা ব্যালটে ভোট দিতে হবে। ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে আপনাদের পছন্দ অনুযায়ী দুইটি ভোটই প্রদান করবেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও দৃঢ় করে।
মানসম্মত কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য বিআইএফপিসিএলসহ জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়িত বিআইএফপিসিএলের ২×৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ২০২২ সালের ডিসেম্বর থেকে নিয়মিতভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিআইএফপিসিএল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি মোট ১৯ হাজার কম্বল বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আরও দুই হাজার কম্বল বিতরণ করা হয়।

