গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার অভিযোগ

0
গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলার বিসিক ব্রিজ মোড় এলাকায় নগদ ২০ টাকা ও খাবারের লোভ দেখিয়ে ৮ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে শফিকুল মোল্লা নামে এক (১৫) কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত অভিযুক্ত শফিকুল মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মো. সিদ্দিক মোল্লার ছেলে। সে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকার মধুমতি বেকারিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) বিকেলে বিসিক ব্রিজ মোড় সংলগ্ন মধুমতি বেকারির দ্বিতীয় তলায় ২০ টাকার লোভ দেখিয়ে শফিকুল শিশুটিকে নিয়ে গিয়ে নির্যাতন করে। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা শফিকুলকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ভিকটিম শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ  বলেন, শিশু নির্যাতনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। খবর পেয়ে শুক্রবার (২৯ মে) সন্ধ্যার আগে পুলিশ ঘটনাস্থলে যায়। অসুস্থ শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় এবং ঘটনার মূল অভিযুক্ত শফিকুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here