গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপে জেলা প্রশাসক

0
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপে জেলা প্রশাসক

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির, সহকারী কমিশনার রিহাব ইনাম এবং যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস। 

সংলাপে গোপালগঞ্জ শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ আয়োজনে জেলা প্রশাসক বিজ্ঞান, মহাকাশ, মহাবিশ্বের উৎপত্তি ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন। 

যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মণ্ডল বলেন, শিক্ষাজীবনে এই প্রথম বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এত বিস্তারিত আলোচনা শোনার সুযোগ পেলাম। এতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই উপকৃত হয়েছে এবং নতুন অনেক কিছু জানতে পেরেছে। 

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি। 

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। আমাদের শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের প্রতি আরও বেশি আগ্রহী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here