গোপালগঞ্জে ব্যাটারিচালিত চালিত রিকশা চুরির সন্দেহে আল আমীন শেখ (৩০) নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
রিকশা চালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারি চালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ।
দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়।
এসময় আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভিতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছে।

