গুলিবিদ্ধ হওয়ার ৫ দিন পরই হুইলচেয়ারে বসে মঞ্চে এলেন র‍্যাপার অফসেট

0
গুলিবিদ্ধ হওয়ার ৫ দিন পরই হুইলচেয়ারে বসে মঞ্চে এলেন র‍্যাপার অফসেট

ফ্লোরিডার একটি ক্যাসিনোর বাইরে গুলিবিদ্ধ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ব্যান্ডেজ আর হুইলচেয়ার নিয়ে মঞ্চে ফিরলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার অফসেট। পায়ে বুলেটের ক্ষত আর শারীরিক অসুস্থতাকে তুচ্ছজ্ঞান করে গত শনিবার ইউনিভার্সিটি অব আরকানসাসের ‘রোফেস্ট’-এ দর্শকদের মাতালেন ৩৪ বছর বয়সী এই তারকা। 

জীবনের ঝুঁকি নিয়ে এভাবে তার মঞ্চে ফেরা ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি করেছে।

কিয়ারি সেফাস, যিনি বিশ্বজুড়ে ‘অফসেট’ নামে পরিচিত, নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মঞ্চে প্রবেশের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তিনি হুইলচেয়ারে বসে স্টেজে আসছেন, কিন্তু পারফরম্যান্স শুরু হতেই যন্ত্রণাকে উপেক্ষা করে উঠে দাঁড়ান। মিগোস ব্যান্ডের কালজয়ী গান ‘ব্যাড অ্যান্ড বুজি’সহ নিজের জনপ্রিয় গানগুলো দিয়ে পুরো উৎসব মাতিয়ে রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিজ্ঞতাকে ‘আসল ভালোবাসা’ হিসেবে আখ্যায়িত করেছেন ছয় সন্তানের এই জনক।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সেমিনোল হার্ড রক হলিউড ক্যাসিনোর বাইরে একটি সংঘর্ষের সূত্র ধরে অফসেট গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি করে তাকে মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, আঘাত গুরুতর হলেও তা প্রাণঘাতী ছিল না। গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। 

এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে র‍্যাপার লিল টিজেকে গ্রেফতার করা হলেও তার আইনজীবী দাবি করেছেন, টিজে কোনোভাবেই গোলাগুলির সঙ্গে যুক্ত ছিলেন না। পুলিশ বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। তবে সব প্রতিকূলতা ছাপিয়ে অফসেটের এই মঞ্চে ফেরা তার সাহসিকতা ও পেশাদারত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

সূত্র: পিপল ডট কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here