‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে এই কর্মসূচি পালন করেন কলেজ শাখা ছাত্রদল। এ সময় তারা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের প্রশাসনিক ভবন এলাকা থেকে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি কলেজের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি কলেজের প্রধান ফটকের সামনে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা আদালতের বারান্দা ও জেলের বারান্দায় দিনযাপন করেছি। হঠাৎ দেখি ৫ আগস্টের পর ফ্যাসিবাদী কিছু লোকজন বেরিয়ে আসছে। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সামনে থেকে কাজ করি, গুপ্তস্থান থেকে নয়। তিনি গুপ্ত রাজনীতি ছেড়ে সামনে আসার আহ্বান জানান এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদল কর্মী রাকিবুল ইসলাম, শেখ জনি, শেখ আরাফাত, ছুহুল আফজাল, তারিফ ইসলাম, শেখ তায়িফ ও ইফতিয়াজ শুভ প্রমুখ।

