গার্দিওলার স্থলাভিষিক্ত হচ্ছেন মারেস্কা

0
গার্দিওলার স্থলাভিষিক্ত হচ্ছেন মারেস্কা

২০২৫-২৬ মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন পেপ গার্দিওলা। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হতে যাওয়া এই বিদায়ের জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইংলিশ জায়ান্টরা। গার্দিওলার উত্তরসূরি হিসেবে ইতোমধ্যে এনজো মারেস্কার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়েছে ইতিহাদ ক্লাব।

গণমাধ্যমের দাবি, ম্যান সিটির পরবর্তী ম্যানেজার হতে যাচ্ছেন মারেস্কা। ইতালিয়ান কোচের সঙ্গে তিন বছরের চুক্তি সারতে যাচ্ছে সিটি। যদিও টানা ১০টি মৌসুম কাটানোর পর গার্দিওলার সম্ভাব্য বিদায়ের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গার্দিওলার জায়গায় মারেস্কার স্থলাভিষিক্ত হওয়ার অর্থ—ম্যান সিটিতে এমন একজন কোচের আগমন ঘটছে, যিনি হয়তো ততটা হাই-প্রোফাইল বা বিশ্বখ্যাত নন। তবে ক্লাবের ফুটবল দর্শন ও রণকৌশল সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা এবং এরপর চেলসির হয়ে কনফারেন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা মারেস্কা মূলত গার্দিওলারই অন্যতম শিষ্য।

মারেস্কা কোচ হিসেবে মূল দায়িত্ব নেওয়ার আগে ম্যান সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছিলেন। তিনি ঠিক মিকেল আরতেতার দেখানো পথই অনুসরণ করছেন। ইতিহাদ স্টেডিয়ামে সিটির কোচিং স্টাফ হিসেবে সফল সময় কাটানোর পর মিকেল আরতেতা এখন আর্সেনালকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের সাফল্যের একদম দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

দশ বছর আগে ম্যান সিটিতে আসার আগে গার্দিওলা বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে যে আকাশচুম্বী খ্যাতি ও এলিট লেভেলের সাফল্যের ট্র্যাক রেকর্ড নিয়ে এসেছিলেন, মারেস্কার ক্ষেত্রে তেমনটা থাকবে না। তাই তার এই নিয়োগে নিঃসন্দেহে কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে।

ফুটবল ইতিহাসের সবচেয়ে কঠিন এক লিগ্যাসি বা ঐতিহ্যকে টেনে নেওয়ার গুরুদায়িত্ব এখন মারেস্কার কাঁধে, যা ২০২৪ সালের জুনে স্ট্যামফোর্ড ব্রিজে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হওয়ার চেয়েও কঠিন। তাছাড়া মারেস্কা কিছুটা ক্ষ্যাপাটে স্বভাবেরও। যার প্রমাণ মেলে গত জানুয়ারিতে ক্লাবের নীতিনির্ধারকদের সাথে ঝামেলার পর চেলসি ছাড়ার ঘটনায়।

সীমাবদ্ধতা সত্ত্বেও চেলসিতে তার সময়টাকে সফল হিসেবেই ধরা হয়। তবে বল পজিশন বা বল দখলে রেখে খেলার যে কৌশল তিনি খাটাতেন, তা সব সময় চেলসি সমর্থকদের মন জয় করতে পারেনি। স্ট্যামফোর্ড ব্রিজে নিজের দায়িত্ব পালনকালে মারেস্কা চেলসির হয়ে মোট ৯২টি ম্যাচে কোচের ভূমিকা পালন করেছেন। যেখানে তিনি ক্লাবটিকে ইউয়েফা কনফারেন্স লিগ এবং গত গ্রীষ্মের ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here