গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মুজাহিদ

0
গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মুজাহিদ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় তিনিসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া যান চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি ও সংসদ সদস্য আহত হয়েছি। বর্তমানে তিনি সুস্থ অবস্থায় নিজ বাড়িতে রয়েছেন। তবে দুজন গুরুতর আহতকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।’

গুরুতর আহতরা হলেন- গাড়ির চালক আবুল কালাম আজাদ (৪০) ও সহযাত্রী ইকরাম হোসেন (২৫)।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক পেছন দিক থেকে তার ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যকে বহনকারী গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় সংসদ সদস্য সামান্য আহত হলেও তার গাড়িচালক ও এক সহযাত্রী গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানান এবং সবার দোয়া কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here