জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭১ হাজার ১৩৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৩৯ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রমুখ। এ সময় ক্যাম্পেইনের মূল বিষয়বস্তুর ওপর বিভিন্ন তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাদেকুন্নাহার ইতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশের ন্যায় আগামী ২৮ জুন গাজীপুর ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলায় মোট ১ হাজার ৮৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মাঠপর্যায়ে ক্যাম্পেইন পরিচালনায় ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী এবং ২ হাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন বলেন, জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

