গাজীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

0
গাজীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের চাবাগান এলাকায় দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা প্রদান করার অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে চাবাগান এলাকার ‘জীবন মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার’-এ যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, র‌্যাব-১ (পোড়াবাড়ি ক্যাম্প) এবং সিভিল সার্জন কার্যালয়ের একটি দল।

অভিযানকালে দেখা যায়, মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৩) নামক ওই ব্যক্তি কোনো বৈধ স্বীকৃতি ছাড়াই নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। অধিকতর তদন্তে তার বিরুদ্ধে অন্যের বিএমডিসি (ইগউঈ) রেজিস্ট্রেশন নম্বর এবং ভুয়া ডিগ্রি ব্যবহার করার অকাট্য প্রমাণ পাওয়া যায়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জাসেম ফারহানের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’ অনুযায়ী অপরাধীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনার সময় গাজীপুর র‌্যাব-১-এর একটি চৌকস দল এবং জিএমপির সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here