গাজীপুরে বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

0
গাজীপুরে বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

গাজীপুরের রাজেন্দ্রপুরে বাস উল্টে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১০ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির।

আহত শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, টেক্সটাইলে বিভাগের নাজমুল, বাংলা বিভাগের তৃণা, ডিএনএফডিটি আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে আনুমানিক ত্রিশ জন শিক্ষার্থী নিয়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে মাওনা চৌরাস্তায় আসছিল। মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটির চিকিৎসক ডা. তৌসিক সরকার জানান, আহতদের মধ্যে গুরুতর জখম নেই। বেশির ভাগই বাসে কাঁচ দিয়ে কেটে গেছে, কেউ কেউ বাসের ভেতরে চাপায় আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালক ও তৃণা নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here