গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নিখোঁজ হওয়া যুবক রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৪২ ঘণ্টা পর সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার নামাবাজার এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত রাসেল (২২) কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।
এর আগে শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন রাসেল। ঈদের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হন। নৌকায় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। ঘটনার পর উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। অবশেষে রবিবার সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যুবককে উদ্ধারে ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এসআই আরিফ হোসেন জানান, নৌভ্রমণের সময় নৌকা থেকে পড়ে যুবক রাসেল নিখোঁজ হন। সোমবার দুপুর পৌনে একটার দিকে স্থানীয় লোকজন ধনঞ্জয়খালি নামাবাজার এলাকায় তুরাগ নদীতে লাশ ভাসতে দেখে নিহতের পরিবারকে খবর দেন। পরে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। বেলা তিনটার দিকে কাশিমপুর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।

