গাজীপুরে গভীর রাতে ডাকাতি ও এক নারীকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় নিহতের পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার মধ্যপাড়া এলাকার আনিস উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা আক্তারের স্বামী ও ছেলে স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। প্রতিদিনের মতো বুধবার রাতে তারা ডিউটিতে চলে যান। রাতের কোনো এক সময় ডাকাতদল বাড়িতে ঢুকে ঘরের বাক্স ভেঙে প্রায় ৩ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে।
এ সময় আসমা আক্তার ও তার পুত্রবধূ আরিফা আক্তার চিৎকার করলে ডাকাতরা আসমাকে গলাটিপে হত্যা করে। আর পুত্রবধূ আরিফাকে ভারী কিছু দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
সকালে ডিউটি শেষে বাড়ি ফিরে ছেলে সাকিব ঘরে ঢুকে মায়ের মরদেহ এবং অচেতন অবস্থায় স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আহত আরিফাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

