গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) মিয়া নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হওয়ায় শাপলা বেগম (৩০) নামে এক যাত্রীকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বুড়িরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস মিয়া জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আহত শাপলা বেগম একই গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত ইজিবাইক। এসময় বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই ইজিবাইক চালক নিহত হন। এ ঘটনায় আহত হন এক নারী যাত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় আহত নারীকে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, এতে ঘটনাস্থলে অটোচালকের মৃত্যু ও এক নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

