গ্রামীণ নারীদের অধিকার, আত্মবিশ্বাস এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় বাড়ি বাড়ি গিয়ে নারীর ক্ষমতায়নবিষয়ক সচেতনতামূলক কাউন্সেলিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার চৌধুরী ভিটা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
কর্মসূচির আওতায় সংগঠনের প্রতিনিধিরা স্থানীয় নারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, সামাজিক নিরাপত্তা এবং আত্মনির্ভরশীলতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নারীদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কেও তাদের মতামত গ্রহণ করা হয়।
কার্যক্রমটি সমন্বয় করেন বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর গীতা বিশ্বাস। মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন মোহাম্মদ শান্ত এবং সোহাগ, যারা স্থানীয় নারীদের সঙ্গে সরাসরি আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
এ বিষয়ে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। একজন সচেতন ও আত্মবিশ্বাসী নারী শুধু নিজের জীবনই পরিবর্তন করেন না, বরং একটি পরিবার এবং সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে অনেক নারী এখনো বিভিন্ন সুযোগ-সুবিধা ও তথ্য থেকে বঞ্চিত। তাদের দোরগোড়ায় গিয়ে তথ্য, পরামর্শ এবং সচেতনতা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা একটি অধিক অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি।
অংশগ্রহণকারী নারীরা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

