গাংনীতে এসএসসি পরীক্ষায় নকল : ছাত্রী বহিষ্কার, তিন শিক্ষককে অব্যাহতি

0
গাংনীতে এসএসসি পরীক্ষায় নকল : ছাত্রী বহিষ্কার, তিন শিক্ষককে অব্যাহতি

মেহেরপুরের গাংনী উপজেলায় বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। কেন্দ্রের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসনের কর্মকর্তা ফারুকুল ইসলাম বহিষ্কারের আদেশ দেন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা পর্যবেক্ষণের সময় ওই ছাত্রীর কাছে নকলের উপকরণ দেখতে পান ম্যাজিস্ট্রেট। পরে তিনি পরীক্ষাকক্ষে গিয়ে ছাত্রীর কাছে নকলের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করেন।

এসময় দায়িত্বে অবহেলার কারণে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান বসরী ও মিলন হোসেন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা নাসরিনকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here