লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষির কোনো বিকল্প নেই। খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়নসহ কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
রবিবার দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকা থেকে রত্নাই নদী পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমপি বাবুল বলেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে ফসল নষ্ট হয়, আবার শুষ্ক মৌসুমে সেচের অভাবে চাষাবাদ ব্যাহত হয়। খাল পুনঃখনন করলে পানির সংরক্ষণ সম্ভব হবে এবং কৃষকেরা সহজেই সেচ সুবিধা পাবেন। পাশাপাশি খালে মাছ চাষের সুযোগ সৃষ্টি হয়ে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, একসময় দেশের গ্রামাঞ্চলে অসংখ্য খাল সেচ, মৎস্য উৎপাদন ও নৌপথ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু সময়ের সঙ্গে অনেক খাল ভরাট, দখল বা নাব্যতা হারিয়েছে, যা কৃষি ও জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, আদিতমারী থানার ওসি নাজমুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

