খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে গঠিত একটি টিম শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালায়।
অভিযানকালে খাবারের মান, রান্নার পরিবেশ ও স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়ায় খানা খান্দানি হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
খাগড়াছড়ি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় এই অভিযান পরিচালনা করা হয়। রান্নাঘরের পরিবেশ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু জরিমানা নয়, ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এই অভিযানের উদ্দেশ্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

