খাগড়াছড়িতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ। রবিবার বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে দুই দলের বিপুলসংখ্যক সমর্থক মাঠে ভিড় জমান। খেলা শুরুর আগে থেকেই সমর্থকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোল, নাচ-গান এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্রাজিল সমর্থক দলের খেলোয়াড়রা ৬-৫ গোলে আর্জেন্টিনা সমর্থক দলকে পরাজিত করে। এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে উচ্ছ্বাসে মেতে ওঠেন ব্রাজিল সমর্থকরা।
খেলা চলাকালে দুই দলের সমর্থকরাই শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নিজেদের দলের প্রতি সমর্থন জানান। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খাগড়াছড়ি শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শকদের উপস্থিতিতে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। দর্শকরাও এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

