খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লোকালয় থেকে আহতাবস্থায় একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাতে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রাণীটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর এলাকায় বানরটিকে রক্তাক্ত ও জখম অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেন এলাকাবাসী। বনপ্রহরী মো. হাসান জানান, উদ্ধার হওয়া প্রাণীটির চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আজ বুধবার সকালে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বন বিভাগ কার্যালয়ে বন্যপ্রাণী রাখার মতো উপযুক্ত পরিবেশ না থাকায় নিরাপদ আশ্রয়ের জন্য সেটিকে পিটাছড়া এলাকায় স্থানান্তর করা হয়েছে। তবে নিয়মিত চিকিৎসার প্রয়োজনে আবারও সেটিকে ফিরিয়ে আনা হবে।
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা জানান, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বানরটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। প্রাণীটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে পুনরায় উপযুক্ত কোনো বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে ‘বিপন্ন’ প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের গভীর বনে বাস করা এই নিশাচর প্রাণীটি বর্তমানে আবাসস্থল ধ্বংস ও পাচারের কারণে চরম অস্তিত্ব সংকটে রয়েছে।

