আইটেম গান ‘সরকে চুনার তেরি সরকে’-কে কেন্দ্র করে চলা অশ্লীলতা বিতর্কে সোমবার ভারতের জাতীয় মহিলা কমিশনের (এনসিইউ) সামনে হাজিরা দিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটিতে নারীদের কুরুচিকরভাবে উপস্থাপনের অভিযোগে কমিশন তাকে তলব করেছিল।
শুনানিতে অংশ নিয়ে অভিনেতা লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং জানিয়েছেন, এই গানের মাধ্যমে সমাজের কোনো ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না। তবে কেবল ক্ষমা চেয়েই পার পাননি অভিনেতা; সংশোধনী পদক্ষেপ হিসেবে তিনি ৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাটকারের অধীনে অনুষ্ঠিত এই শুনানিতে সঞ্জয় দত্তের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিশন স্পষ্ট করে দেয় যে, শিল্পচর্চার স্বাধীনতা থাকলেও নারীদের পণ্য হিসেবে উপস্থাপন বা অশালীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য সঞ্জয় দত্ত আশ্বাস দিয়েছেন যে তার পরবর্তী সব সিনেমার চুক্তিতে নারীদের মর্যাদা রক্ষার বিষয়টি আইনিভাবে বাধ্যতামূলক করা হবে।
উল্লেখ্য, এই একই বিতর্কে অভিনেত্রী নোরা ফাতেহিকেও তলব করা হয়েছিল, তবে তিনি বর্তমানে ভারতের বাইরে থাকায় কমিশনের কাছে নতুন তারিখ চেয়েছেন।
এই গানটি নিয়ে গত মাসে লোকসভাতেও সরব হয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ আনন্দ ভাদোরিয়া। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই সময় জানিয়েছিলেন, গানটি ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এবং অশ্লীলতার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
এর আগে, গত ৬ এপ্রিল সিনেমার পরিচালক কিরণ কুমার ওরফে প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরাও কমিশনের সামনে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছিলেন। প্রবল জনরোষের মুখে গানটির হিন্দি সংস্করণটি ইউটিউব থেকে মুছে ফেলা হলেও অন্য প্ল্যাটফর্মগুলোতে তা ছড়িয়ে পড়েছিল।
অভিনেত্রী নোরা ফাতেহি অবশ্য একটি ভিডিও বার্তার মাধ্যমে এই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, তিনি শুধুমাত্র কন্নড় সংস্করণের জন্য শুটিং করেছিলেন এবং তার অনুমতি ছাড়াই গানটি হিন্দিতে ব্যবহার করা হয়েছে।
‘কেডি: দ্য ডেভিল’ সিনেমাটি আগামী ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। কন্নড় ভাষার এই সিনেমাটি হিন্দিসহ চারটি ভাষায় ডাবিং করা হয়েছে। সঞ্জয় দত্তের এই মানবিক উদ্যোগ এবং ক্ষমা চাওয়ার বিষয়টি বিনোদনজগতে নারী অবমাননা রোধে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মনে করছে মহিলা কমিশন।
সূত্র: এনডিটিভি

