ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিকেটে। রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার দ্য হান্ড্রেড-এর নতুন মৌসুম শুরুর আগে বারমিংহ্যাম ফিনিক্স দলের অংশীদারিত্ব কিনেছেন।
তিনি ফ্র্যাঞ্চাইজিটির ১ দশমিত ২ শতাংশ শেয়ার কিনেছেন এবং বলেছেন, ‘আমার মনে হয় এই শহরের কাছে আমার কিছু ঋণ আছে’। ফিনিক্সের ৫০.৪ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ রয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতে। অন্যদিকে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির প্রতিনিধিত্বকারী নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট ৪৮.৪ শতাংশ শেয়ার কিনেছে।
২২ বছর বয়সী এই খেলোয়াড় বার্মিংহাম সিটির যুব দল থেকে উঠে এসে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন। তিনি এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন এবং ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ইংল্যান্ডের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন।
ক্রিকেটের ভক্ত এবং ওরচেস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র ক্রিকেট খেলা বেলিংহ্যাম বলেন, ‘আমি বার্মিংহামকে ভালোবাসি’। বার্মিংহাম শহর আমার জন্য যা করেছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি ক্রিকেটও ভালোবাসি, তাই যখন এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেলাম, আমি দ্বিতীয়বার ভাবিনি। তাই এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব খুশি।
এই মিডফিল্ডার বলেন, ‘আমার মনে হয়, এই শহরের কাছে আমার কিছু ঋণ আছে। ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় এখন এটা করা কঠিন, কিন্তু যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, তবে আমি তা করতে চাই এবং আমার মনে হচ্ছে এটা একটা ভালো উপায়।
এজবাস্টন-ভিত্তিক দলটি গত বছর বিক্রির জন্য তোলা আটটি হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি ছিল এবং আমেরিকান বিনিয়োগ গোষ্ঠী নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যারা বেলিংহামের সাবেক বার্মিংহাম সিটির মালিক। তারা ৪০ মিলিয়ন পাউন্ডে এর ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনে নেয়। ওয়ারউইকশায়ার তাদের ৫১ শতাংশ অংশীদারিত্ব ধরে রেখেছে।
বেলিংহাম প্রতিটি পক্ষ থেকে শূন্য দশমিক ৬ শতাংশ করে অংশীদারিত্ব নিয়েছে, যার ফলে ওয়ারউইকশায়ারের কাছে এখনও পঞ্চাশ দশমিক ৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
জুড বেলিংহ্যাম বলেন, আমি বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জানাতে চাই যে খেলাধুলা উপভোগ করার সুযোগ রয়েছে। আমি ভাগ্যবান যে ছোটবেলায় আমার ক্রিকেট ও ফুটবল খেলার সুযোগ ছিল, কিন্তু কিছু বাচ্চার সেই সুযোগ থাকে না।বাচ্চাদের জন্য একটি সুযোগের আলো দেখাতে যদি আমি এই ধরনের কোনো কাজে যুক্ত হতে পারি, তবে তা আরও ভালো।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ১০০ বলের এই টুর্নামেন্ট।

