ক্যালিফোর্নিয়ার ছয়টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা

0
ক্যালিফোর্নিয়ার ছয়টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। যার প্রভাবে টানা বৃষ্টিতে রাজ্যটির দক্ষিণাঞ্চলে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় ছয়টি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

একটি পাহাড়ি পর্যটন এলাকার ভিডিওতে দেখা গেছে, রাস্তা বেয়ে কাদা ও ধ্বংসাবশেষ নেমে আসছে। দ্রুতগতিতে পানি বাড়ির বারান্দা ও আঙিনার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় শতাধিক বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, বড়দিন জুড়েই এমন বিরূপ অবস্থা অব্যাহত থাকতে পারে। এ কারণে ‘অত্যধিক বৃষ্টিপাতের উচ্চঝুঁকি’ সতর্কতা জারি করা হয়েছে।

ছয়টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় ১৩০টি বাড়ির মানুষকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকার অনেক অংশ বছরের শুরুতে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মাইক ওফোর্ড জানান, সাধারণত এ সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রায় ২.৫ সেন্টিমিটার বৃষ্টি হয়। তবে চলতি সপ্তাহে অনেক এলাকায় বৃষ্টি হতে পারে ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত। পাহাড়ি অঞ্চলে এ বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে।

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার এই শক্তিশালী ঝড়কে ‘অ্যাটমোসফেরিক রিভার’ বলা হয়। এতে সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এর প্রভাবে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত, তীব্র বাতাস এবং বিধ্বংসী বন্যা দেখা দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here