কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরি শহরের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অফ ক্যালগেরির আইসিটি ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বেএসএ)-এর নবীন বরণ ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় প্রবাসের মাটিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও কানাডার দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা দর্শকদের মুগ্ধ করে, যেখানে ছিল দেশাত্মবোধক গান, বিদেশি গান ও প্রাণবন্ত কবিতা আবৃত্তি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছোটোদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও দর্শকদের জন্য ছিল আনন্দদায়ক গেম শো এবং আকর্ষণীয় রাফেল ড্র, যা পুরো আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে আলবার্টার বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক প্রবাসী সপরিবারে উপস্থিত ছিলেন।
বিএসএ-এর প্রেসিডেন্ট মো. তৈয়েবুর রহমান বলেন, ‘এ ধরনের আয়োজন কেবল প্রবাসে বাংলাদেশি সংস্কৃতিকে টিকিয়ে রাখতেই সাহায্য করে না, বরং নবাগত শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞ পেশাজীবীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে। যা ভবিষ্যতে তরুণ শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শুভম আগারওয়াল গুরুত্বারোপ করে বলেন, ‘বিদেশের মাটিতে বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএ-এর উপদেষ্টা প্রফেসর ড. আনিস হক ও সাফকাত মাহমুদ। এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অফ আলবার্টা (ABEAC)-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম রিপন, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি (BCAOC)-এর প্রেসিডেন্ট ইকবাল রহমান এবং বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরি (BSC)-এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ লস্করসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা আলবার্টার অর্থনীতিতে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশিদের ক্রমবর্ধমান ও গৌরবোজ্জ্বল অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা কানাডার অর্থনীতিতে, বিশেষ করে আলবার্টা প্রদেশের শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সংগঠনের উপদেষ্টা ও স্পন্সরদের বিশেষ শুভেচ্ছাবার্তার পর বিএসএ নির্বাহী কমিটির সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ উপহার প্রদান করা হয়। পরিশেষে, এক প্রীতিভোজের মধ্য দিয়ে আনন্দঘন মিলনমেলার সমাপ্তি ঘটে।

