কানাডার ক্যালগেরিতে শুরু হয়েছে বিশেষ ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। আলবার্টা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশেষ ক্রিকেট টুর্নামেন্টটি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কমিউনিটির মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ক্রিকেট টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করছে চারটি দল টিম শীতলক্ষ্যা, অধিনায়ক: শাহেদ, টিম চিত্রা অধিনায়ক: রেজওয়ান, টিম যমুনা অধিনায়ক: আসিফ ও টিম গোমতী অধিনায়ক: জিসান। প্রতিযোগিতা পূর্ণ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা, চমৎকার ব্যাটিং, শাণিত বোলিং এবং অসাধারণ ফিল্ডিং। চারটি দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে এবং নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দর্শকদের উপহার দিচ্ছে উপভোগ্য ক্রিকেট।
আয়োজকরা জানান, জিয়া মেমোরিয়াল ট্রফি শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি কমিউনিটির মানুষকে একত্রিত করার একটি অনন্য উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্ব, চেতনা এবং পারস্পরিক সম্মানবোধ গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু ক্রিকেট প্রতিযোগিতা নয়; এটি কমিউনিটির মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টটি ইতোমধ্যেই ক্যালগেরির বাংলাদেশি কমিউনিটির একটি উল্লেখযোগ্য ক্রীড়া আয়োজনে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে আরও উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
চার দল, এক ট্রফি—আবেগ, প্রতিযোগিতা ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব, জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬।

