কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

0
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

আইপিএলে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮১ রানের ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন বিরাট কোহলি। এই ইনিংস খেলার পথে দারুণ সব রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার।

আইপিএলে শুক্রবারের ম্যাচে কোহলি ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন যা সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছক্কায়। এই ম্যাচেই আইপিএলে ৮০০ চার হাঁকানোর অনন্য কীর্তি গড়েন কোহলি। কাগিসো রাবাদার দ্বিতীয় ওভারেই চার মেরে এই রেকর্ড গড়েন এই তারকা। ৭৬৮টি চার মেরে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শিখর ধাওয়ান, ৬৬৩টি চার মেরে তিনে ডেভিড ওয়ার্নার, ৬৫৩টি চার নিয়ে চারে রোহিত শর্মা।

এই ম্যাচেই আইপিএলে ৩০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন কোহলি। ৩০০ ছক্কার মাইলফলক ছুঁতে কোহলির ছক্কা প্রয়োজন ছিল একটি। ইনিংসের অষ্টম ওভারে আফগান লেগ স্পিনার রশিদ খানকে ছক্কা হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী ব্যাটার।

১৪১ ইনিংসে ৩৫৭ ছক্কা নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। ২৭১ ইনিংসে রোহিত শর্মার ছক্কা ৩১০টি। তিনশ ছক্কার হাঁকাতে কোহলির লেগেছে ২৬৬ ইনিংস।

আইপিএলে কোনো একটি দলের হয়ে তিনশ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার অবশ্য ভারতীয় এই তারকা।  ২০০৮ সালে আইপিএলের পথচলার শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। এদিন ৪৯ রানে পৌঁছে আরেক কীর্তি গড়েন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি দেশে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করলেন তিনি। ভারতে এই মাইলফলক ছুঁলেন তিনি ২৯১ ম্যাচে। নিজ দেশে ৩১৯ ম্যাচে আট হাজার ৫৬৩ রান করে এই তালিকায় দুইয়ে আছেন রোহিত শর্মা।

আইপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি কোহলির অনেক আগে থেকেই। এখানে ৯ হাজার রানের মাইলফলক থেকে আর ১১ রান দূরে আছেন তিনি। এর বাইরে আইপিএলের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও কোহলি। অভিষেক শর্মাকে টপকে ৩২৮ রান করে সবার ওপরে এই তারকা ব্যাটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here