দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মসলার বেচাকেনা বেড়েছে। গত বছরের তুলনায় ভারত থেকে পর্যাপ্ত মসলা আমদানি হওয়ায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। এতে স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা।
মসলা বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা হাকিমপুরের হিলি স্থলবন্দর বাজারে আসতে শুরু করেছেন। কেনাকাটায় দেখা যায়, বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ বিভিন্ন মসলার চাহিদা বেড়েছে কয়েকগুণ।
ব্যবসায়ীরা জানান, গত কোরবানির ঈদে সাদা এলাচ প্রকারভেদে প্রতি কেজি ৫৫০০ থেকে ৫৮০০ টাকায় বিক্রি হয়। তবে এবার তা ৪২০০ টাকা থেকে ৪৫০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কালো এলাচের দামও কমেছে। আগে প্রতি কেজি ৩০০০ টাকায় বিক্রি হওয়া কালো এলাচ এখন বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়।
এছাড়া, আগে ১৮০০ টাকায় বিক্রি হওয়া লবঙ্গ এখন ১৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। গোলমরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০০ টাকায়। অন্যদিকে, জিরার দাম কেজিতে ৬৩০ টাকা থেকে ৫৬০ টাকায় নেমে এসেছে।
জয়পুরহাট থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হয়। তাই এখানকার বাজারে দাম তুলনামূলক কম পাওয়া যায়। প্রতি কোরবানির ঈদেই তাই এখান থেকে মসলা কিনে নিয়ে যাই।
স্থানীয় খুচরা ক্রেতা মো. তাজ বলেন, গত বছরের তুলনায় এবার মসলার দাম অনেকটাই কম। সাদা এলাচ কেজিতে প্রায় এক হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। জিরার দামও কমেছে। এতে সাধারণ ক্রেতারা উপকৃত হচ্ছি।
হাকিমপুরের হিলি বিসমিল্লাহ মসলা ঘরের স্বত্বাধিকারী শাওন আহমেদ সাংবাদিকদের বলেন, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এই বাজারে আসছেন। বর্তমানে বেচাকেনাও ভালো হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি তত বাড়বে আশা করছি।

