কুষ্টিয়ার কুমারখালীতে ফেরি করে অ্যাপসের মাধ্যমে কম মূল্যে নকল ওষুধ বিক্রির অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল ৫টার দিকে কুমারখালী থানামোড় এলাকায় এ আদালত পরিচালনা করেন পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। সহযোগিতায় ছিলেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ ও থানা পুলিশ।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৩৯)। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা এবং মেডিগো নামক অ্যাপসের এসআর।
জানা গেছে, মেহেদী হাসান কুমারখালী থানামোড় এলাকার বিভিন্ন ফার্মেসিতে অ্যাপসের মাধ্যমে দেশের বিভিন্ন কোম্পানির ওষুধ কম মূল্যে বিক্রির জন্য প্রস্তাব দেন। ফার্মেসি মালিকদের ফোনে অ্যাপস সেটিং করেন। বিষয়টি টের পেয়ে ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিহা’র সদস্যরা মেহেদীকে আটক করে প্রশাসনকে খবর দেন।
কুমারখালী ফারিহা’র সভাপতি আব্দুর রশিদ বলেন, অ্যাপসটির মাধ্যমে দেশের নামিদামি কোম্পানির ওষুধের লোগো ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রি করছিল। ফলে ফার্মেসি মালিক ও অ্যাপসের লোকজন লাভবান হলেও রোগী ও স্বজনরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অভিযুক্ত মেহেদী হাসান বলেন, না জেনে না বুঝে চলতি মাসের ৪ জুন থেকে কুষ্টিয়া জেলায় তিনি এই কাজ করছেন। তবে কোম্পানির নাম ঠিকানা তার জানা নেই। তিনি কমিশনের মাধ্যমে কাজ করছিলেন।
জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ বলেন, অ্যাপসের মাধ্যমে ফেরি করে ওষুধ বিক্রির প্রস্তাব করার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অ্যাপসটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, এভাবে ফেরি করে ওষুধ বিক্রির কোনো নিয়ম নেই। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

