কুয়ালালামপুরে বেপরোয়া ভিক্ষুক সিন্ডিকেট

0
কুয়ালালামপুরে বেপরোয়া ভিক্ষুক সিন্ডিকেট

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাজপথ ও অলিগলিতে ভিক্ষুকদের আনাগোনা দীর্ঘদিনের পরিচিত দৃশ্য হলেও সাম্প্রতিক সময়ে এক উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে একদল নারী ও তাদের সঙ্গে থাকা শিশুদের ভিক্ষাবৃত্তিতে নামানোর বিষয়টি শহরবাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই ভিক্ষুকরা আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ও নাছোড়বান্দা হয়ে উঠেছেন। তারা কেবল ফুটপাতে বসে থাকছেন না, বরং সরাসরি পথচারীদের পথ আটকে বা রেস্তোরাঁয় ঢুকে খাবারের টেবিলে গিয়েও অর্থ দাবি করছেন।

শহরের প্রাণকেন্দ্র জালান তুয়াঙ্কু আব্দুল রহমানসহ জনাকীর্ণ এলাকাগুলোতে এদের উপস্থিতি সবচেয়ে বেশি। বিকেল গড়িয়ে তাপমাত্রা একটু কমে এলেই একদল নারীকে দেখা যায় কোলের শিশু নিয়ে বিভিন্ন গাড়ির জানালায় কড়া নাড়তে। অনেক সময় ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ গাড়ির একদম সামনে চলে আসায় জীবনের ঝুঁকিও তৈরি হচ্ছে। 

রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করছেন, কর্মীদের বাধা সত্ত্বেও এই ভিক্ষুকরা বারবার ভেতরে ঢুকে পড়ে গ্রাহকদের বিরক্ত করছেন। জেসি নামের একজন স্থানীয় লেখক জানান, সম্প্রতি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় এক নারী তার কাছে এসে নিজেকে ফিলিস্তিনি হিসেবে দাবি করেন, যদিও তিনি কথা বলছিলেন হিন্দিতে। ওই নারী ও তার সঙ্গে থাকা ঘুমন্ত শিশুটির আচরণ তাকে বেশ সন্দিহান করে তোলে।

মসজিদ ইন্ডিয়াসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের সামনেও শুক্রবারের নামাজের সময় এদের ব্যাপক জটলা দেখা যায়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাতে প্লাস্টিকের বক্স ধরিয়ে দিয়ে দান সংগ্রহের এই দৃশ্য এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং কোনো পরিকল্পিত সিন্ডিকেটের কাজ হতে পারে বলে তাদের সন্দেহ। এই নারী ও শিশুরা আসলে কোথা থেকে আসছে বা তাদের পেছনে কারা কাজ করছে, তা নিয়ে অস্পষ্টতা থাকলেও তাদের ক্রমবর্ধমান এই তৎপরতা কুয়ালালামপুরের সাধারণ জনজীবন ও পর্যটকদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

সূত্র: স্ট্রেইটসটাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here