কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

0
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে নিহত রৌশন আরার পিতা মো. তাজুল ইসলাম (৭৩), তার মা মিনু আরা বেগম(৬৫) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে ও অটোরিকশা চালক জিসান (৩৫)।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে সিএনজিচালিত অটোরিকশা করে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিল একই পরিবারের চার সদস্য। দুপুরে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রৌশন আরা বেগম মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর  রৌশন আরা বেগমের ছেলে ইয়ামিনও মারা যান।

নিহত রৌশন আরা বেগমের বাবা আহত তাজুল ইসলাম বলেন, তিনি স্ত্রী, কন্যা, নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ‍্যান তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে আমার মেয়ে এবং হাসপাতালে নেওয়ার পর নাতি মারা যায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here