কুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।
নিহতের পিতা আব্দুল হক জানান, তার ছেলে আগে গাড়ি চালাতেন। তবে কয়েক বছর ধরে মাদকে আসক্ত হয়ে পড়েন এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্যুত হন। পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা করেও তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা মালামালের ভাগাভাগি অথবা মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা মোমেন মিয়া বলেন, সে খারাপ ছিল, এটা সত্য; কিন্তু এভাবে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বা অন্য কোনো বিরোধের কারণে তার সঙ্গীরাই তাকে হত্যা করে থাকতে পারে। নিহতের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

