কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং অপর চারজন আহত হয়েছেন।
সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও মেয়ে নুসরাত জাহান (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুজুড়ির জেসমিন আক্তার, তার মেয়ে নুসরাত জাহান, নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম চৌদ্দগ্রাম বাজারে কেনাকাটা শেষে অটোরিকশায় উঠে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা যাত্রী বালুজুড়ির জেসমিন আক্তার।
আহত হন অটোরিকশা চালক নিজাম উদ্দিনসহ অপর পাঁচজন যাত্রী। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়া হয়েছে।
অন্যদিকে, গুরুতর আহত শিশু নুসরাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় সে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত জেসমিন আক্তার নামের এক নারী হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। এছাড়া, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল তৈরি করে সঙ্গে সঙ্গে স্বজনদের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

