কুমিল্লায় অস্ত্রের মুখে বাখরাবাদ কর্মকর্তার গাড়ি থামিয়ে লুট

0
কুমিল্লায় অস্ত্রের মুখে বাখরাবাদ কর্মকর্তার গাড়ি থামিয়ে লুট

কুমিল্লায় বাখরাবাদ গ্যাসের এক কর্মকর্তা ও তার স্ত্রীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় রবিবার ভুক্তভোগী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল মামুন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিরাপত্তা শাখার সহকারী ব্যবস্থাপক। তিনি জানান, গত ৩০ এপ্রিল স্ত্রীকে নিয়ে সিলেটে বেড়াতে যান। শনিবার রাত সাড়ে ৩টায় সিলেট থেকে ট্রেনে কুমিল্লায় পৌঁছে স্টেশন থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বাখরাবাদ এলাকার ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন।

পথে বালুতুপা কালভার্ট এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে তাদের গতিরোধ করে চারজন ছিনতাইকারী। পরে অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় তারা। এ সময় প্রায় ৪ লাখ ১১ হাজার টাকার মালামাল লুট করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক সাইফুর রহমান জানান, রবিবার রাতে এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল রাতে কুমিল্লা শহরতলীর কোটবাড়ি এলাকায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার পর তার মালামাল ছিনতাই করা হয়। সেই ঘটনার আটদিনের মাথায় আবারও ছিনতাইয়ের শিকার হলেন বাখরাবাদ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here