কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়ী গ্রেফতার

0
কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে আগুন, বালু ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আজ বুধবার দুপুরে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়। 

গ্রেফতারকৃত শরিফুল খান ওই গ্রামের রিয়াজ খানের ছেলে ও বালু ব্যবসায়ী।

এর আগে, গত রবিবার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় খননযন্ত্রে আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মণ্ডলের (৪৯) প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। 

এ বিষয়ে তিনি সোমবার দুপুরে কুমারখালী থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন এবং মঙ্গলবার রাতে থানায় মামলা নথিভুক্ত হয়। এরপর গভীর রাতে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেফতার করে পুলিশ। মামলার আরেক আসামি মাসুদ শেখ (৩০) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, গত রবিবার চর মহেন্দ্রপুর চরে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। শরিফুল ও মাসুদের ধারণা প্রশাসনের কাছে তিনিই (আইয়ুব) তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সক্যাভেটরে আগুন লাগিয়ে দেন। 

তিনি আরও জানান, আগুনে মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় মামলা করেছেন। যন্ত্রটি তার রুটিরুজির ব্যাপার। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

অভিযুক্ত শরিফুল পুলিশ হেফাজতে এবং মাসুদ পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, এক্সক্যাভেটর পোড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here