ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে ভোট গ্রহণে নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলার নয় উপজেলার ৯ হাজার ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য এ সমাবেশে অংশ নেন। এতে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামরুজ্জামান। এ সময় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শাখাওয়াত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার চারটি সংসদীয় আসনের ৭০৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে পুলিশের পাশাপাশি ১৩ জন করে নারী ও পুরুষ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। বুধবার সকাল থেকে তারা নিজ নিজ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানান আনসার ব্যাটালিয়নের পরিচালক।

