কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টায় স্বাধীনতার দাবিতে নতুন গতি এসেছে। বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় স্বাক্ষরের চেয়েও বেশি সমর্থন তারা সংগ্রহ করে নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে প্রায় ৩ লাখ স্বাক্ষর জমা দেওয়া হয়েছে, যেখানে গণভোট বিবেচনার জন্য প্রয়োজন ছিল ১ লাখ ৭৮ হাজার। বিচ্ছিন্নতাবাদী নেতা মিচ সিলভেস্টেয়ার একে আলবার্টার ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।
তবে স্বাক্ষর জমা পড়লেই গণভোট নিশ্চিত নয়। নির্বাচন কর্তৃপক্ষকে এখন এসব স্বাক্ষর যাচাই করতে হবে, যদিও আদালতের আদেশে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। পাশাপাশি আদিবাসী গোষ্ঠীগুলোর আইনি চ্যালেঞ্জ পুরো উদ্যোগকে অনিশ্চয়তায় ফেলেছে।
প্রস্তাবিত গণভোটে ভোটারদের সামনে প্রশ্ন রাখা হতে পারে, আলবার্টা কানাডার অংশ থাকবে কি না। কিন্তু গণভোট হলেও স্বাধীনতার পথ দীর্ঘ ও জটিল। এতে আইনি প্রক্রিয়া, কেন্দ্রের সঙ্গে দরকষাকষি এবং সাংবিধানিক বাধা জড়িয়ে থাকবে।
প্রায় ৫০ লাখ মানুষের এই প্রদেশে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের প্রতি অসন্তোষ রয়েছে। তেলসমৃদ্ধ আলবার্টার বাসিন্দাদের অভিযোগ, অটোয়া থেকে নেওয়া সিদ্ধান্তে তাদের অর্থনৈতিক স্বার্থ উপেক্ষিত হয়। পরিবেশগত বিধিনিষেধ ও জলবায়ু নীতিও বিরোধ বাড়িয়েছে।
যদিও জরিপ বলছে, মাত্র প্রায় ৩০ শতাংশ মানুষ এই উদ্যোগকে সমর্থন করে। তবুও বিশ্লেষকদের মতে, এই গণভোটের আলোচনা প্রদেশটির রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
অক্টোবর মাসে সম্ভাব্য বৃহত্তর গণভোটের অংশ হিসেবে স্বাধীনতার প্রশ্নটি উঠতে পারে। তবে আদালতের রায় এবং আইনি চ্যালেঞ্জের ওপরই নির্ভর করছে পরবর্তী অগ্রগতি।
সূত্র: আল-জাজিরা

