কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ বাড়ছে। প্রদেশটির প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে।
সোমবার আইনসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “যদি তথ্য ফাঁস হয়ে থাকে, তাহলে দায়ীদের আইনের পূর্ণ মাত্রায় জবাবদিহির আওতায় আনা উচিত।” তিনি জানান, এডমন্টন পুলিশ সার্ভিস, রয়েল ক্যানেডিয়ান মাউন্টেড পুলিশ এবং ইলেকশন আলবার্টা বিষয়টি তদন্ত করছে।
জানা গেছে, লক্ষ লক্ষ আলবার্টাবাসীর নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য একটি অনলাইন ডাটাবেজে প্রকাশ করা হয়েছে। এই ডাটাবেজটি প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেন্টুরিয়ান প্রজেক্ট।
তথ্য অনুযায়ী, ভোটারদের তালিকাটি বৈধভাবে সংগ্রহ করেছিল আলবার্টা রিপাবলিকান পার্টি। তবে আইন অনুযায়ী এই তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা নিষিদ্ধ। কীভাবে এই তথ্য সেন্টুরিয়ান প্রজেক্টের হাতে গেল, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে বিচারমন্ত্রী মিকে এমেরি বলেন, পুরো ঘটনায় এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তিনি প্রশ্ন তোলেন, সাংবাদিকের অভিযোগ পাওয়ার পরও কেন দ্রুত পদক্ষেপ নেয়নি ইলেকশন আলবার্টা।
সংস্থাটি জানিয়েছে, নতুন আইনের কারণে তদন্ত শুরু করতে এখন আগের তুলনায় বেশি প্রমাণ প্রয়োজন হয়, তাই প্রাথমিক অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা নাহিদ নেনসি সরকারের সমালোচনা করে বলেন, সরকার ঘটনাটিকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করছে না এবং তাদের প্রতিক্রিয়া খুবই সীমিত।
এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং প্রতিদিন নতুন তথ্য সামনে আসছে। সরকার জানিয়েছে, সব তথ্য পরিষ্কার হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

