কাতারের বিপক্ষে ভয়াবহ চোটে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল

0
কাতারের বিপক্ষে ভয়াবহ চোটে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল

২০২৬ ফিফা বিশ্বকাপে কাতারের বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা খেল কানাডা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল কোনে ভয়াবহ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের ৫৩তম মিনিটে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবুর কঠোর ট্যাকলের শিকার হন ২৪ বছর বয়সী কোনে। ট্যাকলের পরপরই তিনি যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন এবং নিজের গোড়ালি চেপে ধরে কাতরাতে থাকেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করেন কানাডার মেডিকেল টিম।

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, ট্যাকলের কারণে তার গোড়ালি মারাত্মকভাবে মচকে গেছে বা হাড়ে চিড় ধরতে পারে। যদিও ম্যাচ শেষে তার চোটের প্রকৃতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার জেরে ম্যাচের রেফারি ক্রিস্টিয়ান গারাই সরাসরি লাল কার্ড দেখান আসিম মাদিবুকে। ফলে ম্যাচের বাকি সময় কাতারকে ৯ জন খেলোয়াড় নিয়ে লড়াই চালিয়ে যেতে হয়।

গুরুতর আহত কোনেকে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থায় গ্যালারিতে উপস্থিত কানাডিয়ান সমর্থকেরা তার নাম ধরে উৎসাহ দিতে থাকেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি হাত তুলে ‘থাম্বস আপ’ দেখান।

কানাডা দলের গুরুত্বপূর্ণ সদস্য ইসমাইল কোনে ২০২২ বিশ্বকাপেও দলের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছিলেন। চলতি আসরেও প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নিয়েছিলেন তিনি। তাই তার এই চোট কানাডার বিশ্বকাপ অভিযানে বড় প্রভাব ফেলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here