পটুয়াখালীর কলাপাড়ায় প্রশাসনের উদ্যোগে তিনটি খালের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব বাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় খালের তীরবর্তী গোলগাছের বাগানে পচন ধরছিল। স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছিল।
শনিবার (২৭ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক নিজ হাতে কোদাল চালিয়ে কার্যক্রম শুরু করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে গোলগাছসহ জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, পাশাপাশি কৃষিজমির পানি নিষ্কাশনও সহজ হবে।
খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

