কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩

0
কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩

ভারতের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামঘরের লোহার কাঠামো ও কংক্রিটের শেড ধসে পড়ে অন্তত ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া একজনের মৃত্যুর খবর স্থানীয়ভাবে পাওয়া গেলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন গুদামঘরে কাজ চলাকালে হঠাৎ করে লোহার কাঠামো ও কংক্রিটের শেড ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ, দমকল বাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স ও বিশেষ উদ্ধার সরঞ্জামও ব্যবহার করা হয়। সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকারীরা গ্যাস কাটারের সাহায্যে লোহার কাঠামো কেটে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের বের করে আনেন। আহতদের কলকাতার এসএসকেএম হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় গুদামটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উদ্ধার কার্যক্রম তদারকি করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here